ইরানি গণমাধ্যম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর সংশ্লিষ্ট সূত্র ও নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরির বরাতে বলা হয়েছে—মার্কিন বাহিনীকে লক্ষ্য করে কয়েক ধাপে অভিযান চালানো হয়। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও প্রকাশ করেছে।
নৌবাহিনীর দাবি অনুযায়ী, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আবুধাবির আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। হামলায় প্রতিরক্ষা রাডার, যুদ্ধবিমান ও বিমান জ্বালানি সংরক্ষণাগারকে টার্গেট করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রর যৌথ হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও রয়েছে। শনিবার ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করে মিডল ইস্ট আই।
অন্যদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট উভচর যুদ্ধজাহাজে করে গন্তব্যের পথে রওনা হয়েছে।