রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না নরওয়েজিয়ান নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার একটি সুনাম বা ঐতিহ্য তাদের রয়েছে।’
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। বুধবার তিনি বলেন, ‘এখনই নোবেল পাওয়ার উপযুক্ত সময়।’ আগেরবার পরোক্ষভাবে এই পুরস্কার পাওয়ায় তিনি সম্মানিত বোধ করেছিলেন বলেও জানান।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় নিজের নোবেল মেডেল তাকে দেন। ট্রাম্প এটিকেও তার নোবেল পাওয়ার যোগ্যতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ট্রাম্পের দাবি, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে হস্তক্ষেপ করেছেন। তার মতে, এসব কারণেই শান্তিতে নোবেল পুরস্কার তার পাওয়া উচিত।