মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়ার পর ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারবাজারে বড়সড় ধস নামে।
শুক্রবার (১ আগস্ট) মুম্বাই শেয়ারবাজারে ভারতের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ার ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে। পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর পড়ে ৭.২ শতাংশ, দাঁড়ায় ₹১,৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ কমে ₹৮২৪.৫০ রুপিতে এবং আরভিন্দ লিমিটেডের শেয়ার কমে ₹৩১০.৪০ রুপিতে ঠেকে। অন্যদিকে, ওয়েলস্পান লিভিং কোম্পানির শেয়ার ১.৯ শতাংশ কমে ₹১২৩.৮০ রুপিতে পৌঁছায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক কমানোর ফলে বাংলাদেশের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যা ভারতের টেক্সটাইল রপ্তানিকারকদের জন্য একটি বড় ধাক্কা। কারণ, ইতোমধ্যে ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো কম শুল্ক সুবিধা পাচ্ছে। এখন বাংলাদেশের এই সুবিধা আরও বাড়ায় ভারতের বাজারে চাপ দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। যার ফলে বৃহস্পতিবার পার্ল গ্লোবালের শেয়ার আরও ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়। টানা দুই দিনের শেয়ার পতন ভারতের টেক্সটাইল শিল্পে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মাঝে এই শুল্কছাড় বাংলাদেশের জন্য বড় সুবিধা। বিশেষত, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে যাচ্ছে। অন্যদিকে, ভারতের পোশাক রপ্তানিকারকদের সামনে বড় প্রতিযোগিতা ও মূল্যে মার্জিন কমার ঝুঁকি তৈরি হয়েছে।
সূত্র: The Economic Times