নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১১ অক্টোবর) খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি বলেন, “উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগাযোগ রেখে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রাখি। আশা করি, নির্বাচনের আগে দেশে একটি ন্যায়সঙ্গত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।”
বক্তব্যের একপর্যায়ে গোলাম পরওয়ার কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মারার পর বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, আর ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআলাহ দাঁড়িপাল্লা’।’’
তিনি জানান, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দমন, অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় ও মহানগর নেতাকর্মীরা।