ডাকসু ও জাকসু নির্বাচনে সুপরিকল্পিত জালিয়াতি করে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ—এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, সরকারের প্রভাবশালী অংশের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একচেটিয়া ফলাফল তৈরির উদ্যোগ নিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানে ছাপানো হলো?”
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী এখন জামায়াতে যোগ দিচ্ছে, যা জাতীয়তাবাদী শক্তিকে দমন করার নীলনকশার অংশ। তার ভাষায়, দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
রিজভী অভিযোগ করেন, সরকারের একটি বড় অংশ সরাসরি জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে, যা জাতীয় রাজনীতিতে বিপজ্জনক প্রভাব ফেলছে।