নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আসন ভবানীপুরেই পরাজিত হয়েছেন তিনি। সর্বশেষ গণনায় মমতা পান ৫৭ হাজার ৯২৬ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭২ হাজার ৯৩২ ভোট। ফলে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন শুভেন্দু।
নন্দীগ্রাম আসনেও এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল কংগ্রেস কৌশল হিসেবে বিজেপি থেকে আসা পবিত্র করকে প্রার্থী করলেও তাতে খুব একটা ফল মেলেনি। এই আসনেও শুভেন্দুর ব্যবধান ১০ হাজার ভোটের বেশি। যদিও আগে তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামে জয়ের আশা ব্যক্ত করা হয়েছিল।
এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামেই মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। সেবার প্রায় ১ হাজার ৯৫৬ ভোটে জয় পান তিনি। ওই ফলাফল নিয়ে আদালতে মামলাও হয়, যা দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ শেষে ফলাফলে স্পষ্ট হয়েছে ভোটারদের বড় অংশ বিজেপির দিকেই ঝুঁকেছেন। এর মধ্য দিয়ে টানা প্রায় দেড় দশক ধরে চলা তৃণমূল কংগ্রেসের শাসনের ইতি ঘটার ইঙ্গিত মিলছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১৩টির বেশি আসন পেয়ে সরকার গঠন করেছিল। সে সময় দলটির ভোট হার ছিল প্রায় ৪৮ শতাংশের কাছাকাছি, আর বিজেপি পেয়েছিল প্রায় ৩৮ শতাংশ ভোট। এবার সেই সমীকরণ পুরোপুরি বদলে গেছে।