বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহতদের মধ্যে ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ ও রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম ও তরিকুল ইসলামের নাম জানা গেছে। আরও কয়েকজন আহত হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা সভায় বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাস ও কলেজ রোড এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল ও লাঠিসোঁটা ব্যবহারের ঘটনাও ঘটে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলও ব্যাহত হয়।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই সংগঠন। ছাত্রদলের দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জোর করে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, তাদের বক্তব্য দিতে বাধা দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান, যাতে তাদের কয়েকজন আহত হন।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।