কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কাতারের দিকে নিক্ষেপ করা হয়েছে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় দেড়শ ড্রোন ও মিসাইল। কুয়েতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হয়েছে।
বাহরাইনের একটি প্রধান তেল শোধনাগারে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে আগুন ধরে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাতে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে ২০ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের দাবি, মার্কিন সাবমেরিনের হামলায় নিহত নৌসেনাদের স্মরণে এই আক্রমণ চালানো হয়েছে।
এদিকে হামলার প্রভাবে মধ্য ইসরায়েলের কয়েকটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থানে আগুন লাগে। রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি পশ্চিম তীর ও জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেল আবিবের পূর্বে বারেকেত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য পাওয়া গেছে। তবে ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।