ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে চলন্ত ট্রেন থেকে ফেলে এক ইমামকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাওলানা তৌসিফ রাজা (৩০)। গত ২৭ এপ্রিল ঘটনাটি ঘটে। শুরুতে এটি দুর্ঘটনা হিসেবে ধরা হলেও পরে পরিবারের দেওয়া তথ্য ও অডিও প্রমাণ সামনে আসায় বিষয়টি এখন হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করছে।
নিহত তৌসিফ রাজা বিহারের কিষাণগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। তিনি সিওয়ানের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ জানায়, ২৬ এপ্রিল সন্ধ্যায় তিনি বরেলি থেকে সিওয়ানগামী একটি ট্রেনে ওঠেন। পরদিন সকালে বরেলির ক্যান্টনমেন্ট থানার পালপুর ফটক এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে।
পরিবারের দাবি, মৃত্যুর আগে তার ফোনে ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড এবং প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও কলের অংশ পাওয়া গেছে। অডিওতে শোনা যায়, ট্রেনের ভেতরে কয়েকজন যাত্রী তাকে ঘিরে মারধর করছে এবং ‘চোর’ বলে অপবাদ দিচ্ছে। ওই সময় তিনি স্ত্রীকে ফোন করে জানান, তিনি বিপদে আছেন এবং সহযাত্রীরাই তাকে হেনস্তা করছে।
স্ত্রী তাবাসসুম জানান, তিনি সাহায্যের জন্য অন্য যাত্রীদের কথা বলতে বলেছিলেন, কিন্তু তৌফিস জানান পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে এবং কেউ তাকে সাহায্য করছে না। কিছুক্ষণ পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহতের চাচা রিজওয়ান আলম বলেন, তাদের সন্দেহ ট্রেনের ভেতরেই তাকে মারধর করা হয় এবং পরে বাইরে ফেলে দেওয়া হয়েছে। তবে ভিডিও কলে কারা ছিল তা স্পষ্টভাবে বোঝা যায়নি।
শুরুর দিকে পরিবার মানসিকভাবে ভেঙে পড়ায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে পারেনি। পরে ফোন পরীক্ষা করে তারা অডিও ও ভিডিও প্রমাণের কথা জানতে পারে এবং বিষয়টি সামনে আনে।
বরেলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে এটিকে দুর্ঘটনা মনে করা হলেও এখন পরিবারের অভিযোগ ও প্রাপ্ত অডিওর ভিত্তিতে তদন্ত নতুনভাবে শুরু হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
ঘটনাটিকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা তৈরি হয়েছে। পরিবার দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস