আফগানিস্তানের তালেবান প্রশাসনের দাবি, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে সাম্প্রতিক হামলায় চারজন নিহত হয়েছেন। তাদের অভিযোগ, পাকিস্তানি সেনাদের মর্টার ও রকেট হামলায় এ ঘটনা ঘটে। পাশাপাশি অন্তত ৪৫ জন আহত হওয়ার কথাও জানানো হয়েছে।
তালেবান উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনারের রাজধানী আসাদাবাদ ও আশপাশের এলাকায় সাইয়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ছাত্র, নারী ও শিশুসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি এবং আফগান পক্ষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক আহত হন বলে দাবি করা হয়।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। গত মার্চে চীনের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে সংঘর্ষ পুরোপুরি থামেনি। এর আগে ফেব্রুয়ারিতে উভয় দেশের মধ্যে বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়, যা পরে কূটনৈতিক উদ্যোগে কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে চীনসহ কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।