রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্ককে বাইরে রেখে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কাঠামো কখনোই পরিপূর্ণ হতে পারে না। ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ইইউর প্রতি আঙ্কারার সঙ্গে পূর্ণ সদস্যপদভিত্তিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
শনিবার (৯ মে) প্রকাশিত ওই বার্তায় এরদোগান বলেন, ইউরোপ দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যৌথ ভবিষ্যৎ গঠনের প্রতীক।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে জোটকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এরদোগান দাবি করেন, ইইউর প্রার্থী দেশ হিসেবে তুরস্ক ইউরোপীয় নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ভাষায়, তুরস্ককে প্রাপ্য অবস্থান না দিলে ইউরোপীয় কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং সংকট মোকাবিলার সক্ষমতাও কমে যাবে।
তিনি আরও বলেন, তুরস্ক যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়, ভবিষ্যতে ইইউরও তুরস্ককে আরও বেশি প্রয়োজন হবে। পূর্ণ সদস্যপদ, পারস্পরিক অঙ্গীকার এবং ‘উইন-উইন’ কৌশলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
বার্তার শেষে ইউরোপের শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করে তুরস্কসহ ইউরোপের জনগণকে ইউরোপ দিবসের শুভেচ্ছা জানান এরদোগান।