বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কের উজোবাজারে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, অবরোধকারীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পর্যটকবাহী গাড়িতে গুলি চালানো হলে নিরাপত্তা বাহিনী তাঁদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকরা এলাকা ছাড়ার পরও গোলাগুলি চলছিল বলে জানান তিনি।
তিন দফা দাবিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি তৃতীয়বারের মতো বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের পক্ষে পিকেটিং করেন আন্দোলনকারীরা। নিরাপত্তার কারণে সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ অবরোধের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ইউপিডিএফ ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে এবং সাজেকে তাদের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে রাঙামাটি জেলা পুলিশ ও সাজেক পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।