বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, ধাপে ধাপে গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ বিস্তৃত করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, আগে এই নিয়ন্ত্রণের পরিমাণ ছিল প্রায় ৫০ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে এবং সামরিক বাহিনীকে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর বক্তব্য চলাকালে উপস্থিত সমর্থকদের একাংশ পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবিতে স্লোগান দেন।
অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে ইসরায়েলি বাহিনীর দেওয়া পূর্ববর্তী মানচিত্রে দেখা যায়, গত এপ্রিলের শেষ দিকেই গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল।
বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে আরও এলাকা দখলে নেওয়া হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ছোট ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়বেন। এতে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে নির্দিষ্ট সীমার মধ্যে সামরিক অবস্থান বজায় রাখার কথা ছিল। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল নতুন করে সীমারেখা পরিবর্তনের চেষ্টা করছে, যা যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থি।
হামাস দাবি করেছে, গাজায় দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসরায়েল এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।