নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় এ সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ নামের ওই পর্বে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি লোকেশনে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়।
ভিডিওতে চমকের পরনে দেখা যায় হালকা রঙের প্রিন্টের শাড়ি। সঙ্গে মুক্তোর মালা ও চোখে সানগ্লাস। পোশাক, সাজসজ্জা ও অভিব্যক্তিতে খালেদা জিয়ার পরিচিত উপস্থিতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।
ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের অনেকে চমকের অভিনয়, সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কারও কারও মন্তব্য, কয়েক মুহূর্তের জন্য অভিনেত্রীকে খালেদা জিয়া বলেই মনে হয়েছে। আবার অনেকে এমন উপস্থাপনকে চমকের ভিন্নধর্মী একটি আয়োজন হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। কয়েক বছর পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিয়মিতভাবে কাজ শুরু করেন। পরে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। খালেদা জিয়ার সাজে তার এবারের উপস্থিতি সেই ভ্লগে নতুন মাত্রা যোগ করেছে, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।