বিএনপি মনে করে, দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট অপরাধের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর ওপর চাপানো ন্যায়সংগত নয়।
শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, কিছু ব্যক্তির অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডের কারণে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। গুরুতর অপরাধের দায় বা শাস্তি সম্পূর্ণভাবে সেই ব্যক্তির নিজের হওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী শাসনের সময় সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। দলটি মানবাধিকার লঙ্ঘনের বিচার ও আইনের শাসনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বরং ব্যক্তিগত দায় ও অপরাধই বিবেচ্য হওয়া উচিত।
এছাড়া বিএনপি জানায়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের গর্বিত সন্তান। অধিকাংশ সেনাসদস্য নিজেরাও চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে ভবিষ্যতে কোনো সরকার সেনাবাহিনীকে অন্যায়ের নির্দেশ দিতে না পারে। এই সর্বজনীন ন্যায়বোধ ও আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি সম্পূর্ণ একমত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।