শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, রাজনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জুলাইয়ের শহীদদের প্রতি যে অঙ্গীকার ছিল, এবার তা বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছে। তার ভাষায়, মানুষের আস্থা অর্জনই আসল বিষয়; সেই আস্থার যথাযথ প্রতিদান কাজের মাধ্যমে দিতে পারলেই সেটিই হবে প্রকৃত অর্জন।
হাসনাত আরও বলেন, সামনে তার অগ্রাধিকার থাকবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রশাসন, গণমাধ্যম ও বিচার বিভাগে কাঠামোগত পরিবর্তন, সংবিধান সংশোধন এবং জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি কুমিল্লা-৪ এলাকায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদ ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তার বিরোধিতা করা হবে বলেও জানান তিনি। অতীতে সংসদে সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব ছিল না উল্লেখ করে হাসনাত বলেন, এবারের সংসদে সেই ঘাটতি পূরণ হবে।