বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত বদরুদ্দীন উমরের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “যারা বিপ্লব ঘটাতে চান, সমাজকে বদলাতে চান কিংবা সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী সংগঠন ছাড়া কোনো আন্দোলন বা বিপ্লব সফল হয় না। আজ হতাশার মূল কারণ হলো সংগঠনের দুর্বলতা।”
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “আমি বহুদিন ধরেই তার লেখার পাঠক ও ভক্ত। আমার বাবার কাছ থেকেও তার পরিবারের ইতিহাস জেনেছি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজের আদর্শ ও সংগ্রামকে ধরে রেখেছিলেন।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে যারা রাজনীতি করছেন তারা বদরুদ্দীন উমরের তুলনায় অনেক ছোট হয়ে গেছেন। তিনি কখনও আপস করেননি। নতুন প্রজন্ম কতটা তার কাছ থেকে শিখতে পেরেছে তা এখনো প্রশ্নসাপেক্ষ।”
স্মরণসভায় তিনি পুনরায় সংগঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বদরুদ্দীন উমর সবসময় বলতেন— সংগঠন, সংগঠন, সংগঠন। কারণ সংগঠন ছাড়া বিপ্লব টেকসই হতে পারে না।”