শুক্রবার (২৪ জুলাই) রূপগঞ্জের জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার জমি উদ্ধারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে আসার পর থেকেই মানুষের জায়গা-জমি দখল শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি মসজিদ, মাদরাসা ও কবরস্থানের জমিও দখল থেকে রেহাই পায়নি বলে দাবি করেন তৈমুর।
তিনি আরও অভিযোগ করেন, গাজী টায়ারের কারখানা স্থাপনের সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ মামলা নেয়নি। যারা এর প্রতিবাদ করেছেন, তাদেরও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া মাদরাসার জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণের অভিযোগও করেন তৈমুর আলম।
মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ১৫ শতাংশ জমি গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখলে রয়েছে। তাদের দাবি, আগের সরকারের সময় মামলা ও হামলার ভয়ে স্থানীয়রা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারেননি।
মানববন্ধনে মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।