শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, নানা বাধা ও চাপের মুখেও দেশের স্বার্থ বিবেচনায় জামায়াত শেষ পর্যন্ত নির্বাচন মেনে নিয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও ঘোষণার প্রক্রিয়ায় কারসাজি হয়েছে বলে তিনি দাবি করেন।
গোলাম পরওয়ার বলেন, এসব অনিয়ম না হলে খলিলুর রহমান কীভাবে মন্ত্রী হলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কয়েকজন মিলে জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকারে অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে বিচারিক তদন্তের দাবি জানান তিনি।
এ সময় তিনি বলেন, গণভোটে জনগণের
বিপুল সমর্থন সত্ত্বেও জুলাই সনদ বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সরকার ও বিরোধী দল সংসদে আলোচনা করে দেশকে এগিয়ে নেওয়ার পথে এগোবে— এমন প্রত্যাশার কথাও জানান জামায়াতের এই নেতা।