রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তারেক রেজা এ অভিযোগ করেন। তিনি লেখেন, ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার পর শিবিরের পক্ষ থেকে অন্য একজনের জন্য সরে দাঁড়ানোর কথা বলা হলে রাশেদ সংগঠনটি ছেড়ে দেন। এরপর সাবেক শিবির নেতাদের মধ্যে দেখা যায়, এমন একটি প্রবণতা রাশেদের মধ্যেও তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তারেক রেজা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরের একটি ঘটনার কথাও উল্লেখ করে লিখেন, আবরার হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা করেন। নুরুল হক নুর খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেও রাশেদ কর্মসূচি দেওয়ার বিষয়ে আপত্তি জানান বলে দাবি করেন তারেক।
তারেক রেজা আরও লিখেন, রাশেদের আশঙ্কা ছিল, আবরার ফাহাদ ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকতে পারেন; তাই তাঁকে নিয়ে কর্মসূচি দিলে সংগঠনের ক্ষতি হতে পারে। পরে তাঁর আপত্তি উপেক্ষা করে কর্মসূচি ঘোষণা করা হলে রাশেদ এক নেতাকে ফোন করে অসন্তোষ প্রকাশ করেন বলেও পোস্টে উল্লেখ করেন তারেক। তবে কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে শেষ পর্যন্ত রাশেদ নিজেও সেখানে উপস্থিত হন বলে দাবি করেন তিনি।
এর আগে নিজের ফেসবুক পেজে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ তোলেন, বিএনপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন।
এনসিপির আসন সমঝোতা নিয়েও সমালোচনা করেন রাশেদ। তিনি দাবি করেন, বেশি আসন পাওয়ার আশায় দলটির প্রায় এক ডজন শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদের বাসায় যাতায়াত করতেন। বিএনপি চারটির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় বেশি আসন ও নির্বাচনী ব্যয়ের সুযোগ বিবেচনায় নিয়ে এনসিপি জামায়াতের জোটে যোগ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন এনসিপির রাজনীতিকে ‘সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি’ বলেও আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, আলাদা সুবিধা আদায় অথবা জামায়াতের পরামর্শে বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরু করেছে এনসিপি।