মনোনয়ন না পাওয়া নিয়েই এক টেলিভিশন আলোচনায় তিনি খোলামেলা মত প্রকাশ করেন। রুমিন বলেন, “বিএনপি এখন জোট গঠন ও আসন সমন্বয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলাপ–আলোচনায় ব্যস্ত। যারা গত পনের বছর প্রতিকূল পরিস্থিতিতেও দলের পাশে থেকেছেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও বোঝাপড়ার উদ্যোগ চলছে।”
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন এবং মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। “আমরা এমন প্রার্থীদের এগিয়ে রাখছি, যাদের মাঠপর্যায়ে জয়ের বাস্তব সম্ভাবনা আছে,” যোগ করেন রুমিন।
মনোনয়ন না পেয়ে কিছু স্থানে কর্মীদের প্রতিবাদ নিয়ে রুমিনের প্রতিক্রিয়া ছিল শান্ত ও বাস্তবভিত্তিক। তাঁর ভাষায়, “মনোনয়ন না পাওয়া নিয়ে যে ক্ষোভ দেখা যাচ্ছে, তা মূলত আবেগের বহিঃপ্রকাশ। ৩০০ আসনের নির্বাচনে সবার মনোনয়ন পাওয়া সম্ভব নয়। তবে দলের প্রতি নিষ্ঠা ও অভিজ্ঞতা বিবেচনায় ভবিষ্যতে তাঁদের অন্য দায়িত্ব বা সুযোগ দেওয়া হতে পারে।”
রুমিন ফারহানা আরও বলেন, “একজন প্রার্থী নির্বাচনের ময়দানে আসতে পারেন কেবল নেতাকর্মীদের ত্যাগ ও ভালোবাসার ফলে। তাঁদের কষ্ট বা মন খারাপ হওয়া তাই স্বাভাবিক; সেই আবেগকে সম্মান করাই দায়িত্ব।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ ৬৩টি আসনের প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। মহাসচিব স্পষ্ট জানিয়েছেন, প্রাথমিক তালিকায় পরিবর্তন আসতে পারে— কেউ যুক্ত হবেন, আবার কেউ বাদও পড়তে পারেন।”