১৭ বছর পর দেশে ফিরে ব্যক্তিগত শোক এবং নির্বাচনি প্রস্তুতি এই দুই পরিস্থিতি সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। মানুষের প্রত্যাশা এবং মায়ের মৃত্যু দুটোর মাঝেই দায়িত্ব সামলাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ইশতেহারে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ গঠনে সবাইকে নিয়ে এগোতেই এসব কর্মসূচি। নারীদের শিক্ষাকে আরও উচ্চ পর্যায়ে বিনামূল্যে সম্প্রসারণের কথাও বলেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, যে কোনো দেশের সঙ্গে এমন চুক্তি হলে যা বাংলাদেশের স্বার্থবিরোধী, সেখানে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি একক সরকার গঠন করবে কারণ শক্তিশালী রাষ্ট্রের জন্য কার্যকর বিরোধী দলও প্রয়োজন।
গৃহিণী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে সহায়তার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলে জনগণের সমর্থন।
দলের প্রার্থীদের ঋণখেলাপি অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক হয়রানির কারণে অনেকেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন; ডিফল্ট আর দুর্নীতি এক নয়। গুম-খুনের বিচার এবং ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাসও দেন।