বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে। সোমবার (১৮ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য সচিব হয়েছেন রুহুল কবির রিজভী।
এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।