স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার পথে পূর্ববিরোধ ও ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীরের ওপর হামলার অভিযোগ ওঠে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। আলমগীর কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরে হরিশ্চরের কর্মসূচি শেষে ফেরার পথে ভূশ্চি বাজারে আবারও সংঘর্ষ হয়। এতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক আলমগীর, যুবদল নেতা মামুন ও সাদ্দাম এবং মনিরুল হক চৌধুরীর সমর্থক ফরহাদ উদ্দিন ও তামিম ইকবাল আহত হন। একপর্যায়ে পাল্টা ধাওয়ায় মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা বাজার এলাকা ছেড়ে চলে যান।
ঘটনার পর ফেসবুক লাইভে স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল অভিযোগ করেন, মনিরুল হক চৌধুরীর রাজনীতি করতে গিয়ে তিনি ১৩টি মামলার আসামি হয়েছেন এবং আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন। তাঁর দাবি, মনিরুল হক চৌধুরীর কারণে এলাকায় দলীয় কোন্দল ও গ্রুপিং তৈরি হচ্ছে।
অন্যদিকে যুবদল নেতা মাকসুদুর রহমান মাকসুদ বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে ফেসবুকে মনিরুল হক চৌধুরী ও তাঁকে নিয়ে উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছিল। তবে পরে অন্য একটি পক্ষ এসে ঝামেলা তৈরি করে। কর্মসূচি শেষে ফেরার পথে তাঁদের দুই নেতার ওপর হামলা হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়।
লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।