সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনার মধ্য দিয়ে গত এক যুগের অগণতান্ত্রিক ধারা বিলুপ্ত করা সম্ভব হবে।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে।
এনসিপি নেতারাও তাদের বক্তব্যে একই ধরনের মনোভাব প্রকাশ করেন। এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সুন্দর সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নয়, দেশের রাজনৈতিক সংস্কৃতিও ধ্বংস করেছেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আইনি জটিলতার প্রসঙ্গে এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা কোনো দল মেনে নেবে না।