শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন, বিএনপি তার সবই করছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোকদের বসানো হচ্ছে। বিরোধী দল সংসদকে কার্যকর করতে চাইলেও সরকারের কর্মকাণ্ডে সে ধরনের সদিচ্ছা দেখা যাচ্ছে না।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে বিএনপি সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে বলে সতর্ক করেন জামায়াত আমির। ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিএনপি এখন বাকশালী পথে হাঁটছে। ইতিহাসের বাঁক ঘুরে বিপ্লব বারবার ফিরে আসে, সেটি তাদের মনে রাখা উচিত।
দেশের মানুষ সংবিধান সংশোধনের পক্ষে নয়, বরং সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অতীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে হয়েছিল, একইভাবে জনগণের দেওয়া সংস্কারের রায়ও মেনে নিতে হবে বলে জানান শফিকুর রহমান।
স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা আওয়ামী লীগ করেছিল বলেও অভিযোগ করেন তিনি। দেশকে আধিপত্যবাদের প্রভাব থেকে মুক্ত রাখতে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান দলটির আমির।
একই সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি সরকার। একদলীয় শাসন প্রতিষ্ঠার অবস্থান থেকে সরে না এলে বর্তমান সরকারেরও অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে বলে সতর্ক করেন তিনি।