সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। পাটওয়ারী প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনা করলেও দলটির নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাঁদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহার করছেন।
রাশেদ খাঁনের অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্যের আড়ালে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি। আওয়ামী লীগ যেন তাদের নিয়মিত অনুদান ও গোপন সহযোগিতা বন্ধ না করে, সে চাপ তৈরির উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে ছাগল চুরির অভিজ্ঞতাই পাটওয়ারীর সম্বল। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কথা বলছেন। পাটওয়ারী ওই পদে গেলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন রাশেদ খাঁন।