মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ধানমন্ডি ৩২ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কর্মসূচির মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ কয়েকটি এলাকায় সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।