বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এটাই আমাদের ঐতিহ্যবাহী সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।
তিনি উল্লেখ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।”
তারেক রহমান আরও বলেন, শরতের আগমনী বার্তা, কাশফুল আর শীতের আভাসই দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এই উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। রাষ্ট্র ও সংবিধান প্রতিটি মানুষকে—বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—সমান নিরাপত্তার নিশ্চয়তা দেয়।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “শারদীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ফ্যাসিবাদী মানসিকতা বা ষড়যন্ত্র যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে, যাতে উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়।”