জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়ার সুযোগ নেই।” তিনি আরও বলেন, “যারা দেশের ভেতরে থেকে বা বাইরে থেকে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকার আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে।” তিনি যোগ করেন, “যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো বাদ দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে।”
নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “যদি কমিশন তাদের স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয় এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে জনগণের আস্থা হারাবে। যে কমিশন একটি দলের প্রতীক নির্ধারণে সাহস দেখাতে পারে না, সেই কমিশনের ওপর দেশবাসী কীভাবে আস্থা রাখবে?”
সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং পরদিন সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।