শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উত্তর বাড্ডার কামিল মাদরাসার সামনে থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চলের উদ্যোগে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে মধ্য বাড্ডায় গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে সেলিম উদ্দিন বলেন, দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হয়নি। সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় অনেক বাড়িতে অন্ধকার নেমে এসেছে। মানুষের হাতে এখন মোমবাতিই ভরসা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের বিলের সঙ্গে যুক্ত অতিরিক্ত বা ‘হিডেন চার্জ’ বন্ধের দাবিও জানান তিনি।
কর্মসূচিতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সেলিম উদ্দিন বলেন, হাতে জ্বালানো মোমবাতি শুধু বিদ্যুৎ সংকটের প্রতিবাদের প্রতীক নয়, এর মাধ্যমে জনগণের ক্ষোভ ও দাবিও তুলে ধরা হয়েছে। অন্ধকার যতই বাড়ুক, মানুষের প্রতিবাদের কণ্ঠ থেমে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।