‘আনকভারিং দ্য পাবলিক পালস’ শীর্ষক এই জরিপটি যৌথভাবে পরিচালনা করে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস)। দেশের ৬৪ জেলার ১৮০টি আসনে ১১ হাজারের বেশি ভোটারের মতামতের ভিত্তিতে দুই ধাপে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তারা ভোট দিতে আগ্রহী। আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮.২ শতাংশ এবার বিএনপিকে, ২৯.৯ শতাংশ জামায়াতকে, ৬.৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে এবং ১৩ শতাংশ অন্য দলকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভোটের সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে উঠে এসেছে দুর্নীতির বিষয়টি; ৬৭.৩ শতাংশ ভোটার এটিকে প্রধান বিবেচ্য বলেছেন। ধর্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ৩৫.৯ শতাংশ। পাশাপাশি দ্রব্যমূল্য, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তাও গুরুত্বপূর্ণ হিসেবে এসেছে।
২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে ৩৭ শতাংশ জামায়াত, ২৭ শতাংশ বিএনপি এবং ১৭ শতাংশ এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন।
জরিপ বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোট কোন দিকে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন। তবে সিদ্ধান্তহীন প্রায় ৮ শতাংশ ভোটারের অংশগ্রহণ অনেকটাই নির্ভর করবে ভোটের দিনের নিরাপত্তা ও পরিবেশের ওপর।
২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্তরভিত্তিক দ্বৈবচয়ন পদ্ধতিতে এই জরিপ পরিচালিত হয়।