প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বাণীতে তিনি বলেন, দেশের এক সংকটময় সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে দলটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ভূমিকা রেখে চলেছে।
এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। পাশাপাশি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের জন্য আত্মত্যাগকারী নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
রিজভী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির রাজনীতির মূল ভিত্তি। জিয়াউর রহমানের প্রণীত ১৯ দফা কর্মসূচির আদর্শকে সামনে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের লক্ষ্য।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথাও বাণীতে উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ন্যায়বিচার, আইনের শাসন, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী করার কথাও বলেন রিজভী। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী দিনেও জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন থাকবে বলে বাণীতে উল্লেখ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।