জাতীয় নির্বাচনের আগে “জুলাই সনদ” বাস্তবায়ন, গণভোট আয়োজন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রবর্তনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে সাতটি রাজনৈতিক দল।
ঢাকা মহানগরে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, “প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার মাধ্যমে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত না নিলে জনগণের দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও দাবি করেন, বিএনপি এখনো ক্ষমতায় না আসতেই জনগণ তাদের প্রতি অনাস্থা প্রকাশ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকার যদি জনগণের কথা না শোনে, তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, মতিঝিলের শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মানববন্ধনে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “একটি দলকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন মেকানিজম তৈরি করছে। ফ্যাসিস্টের সহযোগীদের দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো নতুন সংকটে পড়বে।
মানববন্ধনে অংশ নেওয়া নেতারা একযোগে ঘোষণা দেন—দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের অধীনে ভোট আয়োজন করতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।