চাঁদপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যব্যবস্থায় ব্যর্থতার পাশাপাশি উপদেষ্টার একমাত্র যোগ্যতা হলো ড. ইউনূসের ঘনিষ্ঠ হওয়া। পাশাপাশি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিতে ফিরে আসার চেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পদত্যাগের দাবি জানান।
হাসনাত বলেন, “এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা ব্যবস্থা আগের মতোই রয়ে গেছে।” তিনি প্রশ্ন তুলে বলেন, “আপনারা কি জানেন, স্বাস্থ্য উপদেষ্টা কে? উনি ইউনূস সাহেবের ভাই-ব্রাদার কোটা থেকে এসেছেন। আমাদের কাছে এই উপদেষ্টার প্রয়োজন নেই।”
তিনি অভিযোগ করেন, নূরজাহান বেগম স্বাস্থ্য বিষয়ে অজ্ঞ এবং তার একমাত্র পরিচয় তিনি গ্রামীণ ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা ও ড. ইউনূসের ঘনিষ্ঠ। তিনি বলেন, “উনি নিজেই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান অথচ দেশের স্বাস্থ্যব্যবস্থার দায়িত্বে আছেন। উনার এক দিনের বেতনও জনগণকে ফেরত দেওয়া উচিত।”
এ সময় সাম্প্রতিক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু-শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনাকে ঘিরে শোক প্রকাশ করেন এনসিপি নেতা। তবে তিনি দাবি করেন, এই শোককে পুঁজি করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে সতর্ক। আওয়ামী লীগ যদি ফিরে আসার চেষ্টা করে, তাহলে আমরা তাদের প্রতিহত করব।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও চাঁদপুরের বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চাঁদপুর থেকে পদযাত্রা কুমিল্লার উদ্দেশে রওনা দেয়, পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙ্গায় পথসভা করার কর্মসূচি রয়েছে।