কুমিল্লার দেবীদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের করুণ অবস্থা তুলে ধরতে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগের সময় উপজেলার কাচিসার এলাকায় তিনি ভাঙা সড়কের গর্তে মাছ ছেড়ে এ প্রতিবাদ করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেবীদ্বার ও চান্দিনার প্রধান সংযোগপথ হওয়ার পাশাপাশি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের বিকল্প রুট হিসেবেও গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙা অংশ, যা এখন সম্পূর্ণ চলাচল-অযোগ্য। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।
এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই রাস্তায় মানুষ চলাচল করে, কিন্তু অবস্থা এমন যে এখানে মানুষ নয়, মাছই ভালোভাবে চলাচল করতে পারে। রাস্তাটি যদি মেরামত না হয়, তবে মাছ চাষ করলেই ভালো—কমপক্ষে মানুষ মাছ খেতে পারবে।”
তিনি আরও বলেন, “দেবীদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে মাছ ছেড়ে দিলেও চাষ সম্ভব। আমি আজ মাছ ছাড়লাম, আপনারা-ও ছাড়ুন—দেখা যাক, তাতে কিছু উন্নতি হয় কি না।”
তার এই ব্যতিক্রমী প্রতিবাদকে ঘিরে এলাকাবাসীর মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়ে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।