ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান শাখা সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনীম জুমাসহ চারজন নারী প্রার্থীকে মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই যুদ্ধের সময় আহত হয়ে দৃষ্টি হারানো খান জসিম।
অন্য পদে মনোনীতদের মধ্যে রয়েছেন— সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া। প্যানেলে আরও ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে লড়বেন বলে জানানো হয়।