শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে দোয়া মাহফিল, মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দিবসটি পালনে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
রিজভী জানান, শনিবার ভোর থেকেই কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসটির প্রতি সম্মান জানাবেন।
তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, পেশাজীবী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদান নিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল আয়োজন করবে।
দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অসচ্ছল মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিও রাখা হয়েছে। এসব কার্যক্রমে অংশ নেবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন আসনে পৃথকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান বিএনপি নেতারা।
বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণখাদ্য বিতরণ কর্মসূচিতেও বিএনপির শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাজধানীর একাধিক স্থানে পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
তিনি জানান, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে তার। অন্যদিকে কারওয়ান বাজারে সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।