বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর আগে জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন তিনি। তাঁর মতে, নীতিগত ও কৌশলগত কোনো দিক থেকেই জামায়াত এনসিপির মিত্র হওয়ার উপযুক্ত নয়। গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনা করেছেন বলেও জানান তিনি।
এনসিপি প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ থেকে সরে গেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তে উদার ও গণতান্ত্রিক রাজনীতিতে আগ্রহী সাধারণ মানুষ দলটির ওপর থেকে আস্থা হারিয়েছে। জামায়াতের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তাকেও গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেন তিনি।
২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে থাকা শক্তিগুলোর সঙ্গে জোট করা কিংবা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল এনসিপির। কিন্তু বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে দলটি নিজস্ব রাজনৈতিক অবস্থান ও নতুন রাজনীতির সম্ভাবনা হারিয়েছে।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও দলের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তৈরি হওয়া সম্ভাবনাকে এনসিপি ধারণ করতে পারেনি। বরং নারীদের মতামত ও প্রতিবাদ যথাযথ গুরুত্ব পায়নি এবং সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের প্রাধান্য ছিল।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি পুনর্গঠন এবং ভিন্নমত দমনের প্রবণতা পুরোনো রাজনৈতিক দলগুলোর চর্চার মতোই।
বিবৃতির শেষাংশে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রাজনৈতিক উদ্যোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সামান্তা শারমিন। এ বিষয়ে আগ্রহীদের সঙ্গে মতবিনিময়ের আহ্বানও জানান তিনি।