বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার কখনই এনজিও বা কর্পোরেট মডেলে চলতে পারে না। তিনি অর্থনৈতিক নীতিনির্ধারণ ও সংস্কারের ক্ষেত্রে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সরকারের সিদ্ধান্তে স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে গবেষণা-প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, "সরকারের চরিত্র ও দায়িত্ব এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠানের মতো হতে পারে না। এনজিও একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের সঙ্গে কাজ করে, আর কর্পোরেট প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে মুনাফা অর্জন। কিন্তু একটি গণতান্ত্রিক সরকারকে জনগণের সার্বিক কল্যাণ বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়।"
তিনি আরও বলেন, "যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত অপরিহার্য। কিন্তু আমরা দেখছি, বর্তমান সরকার অনেক ক্ষেত্রেই জনগণের মতামত উপেক্ষা করে চলছে, যা গণতান্ত্রিক নীতিমালার পরিপন্থী।"
অর্থনৈতিক বিষয়ে মন্তব্য করতে গিয়ে ড. মঈন খান বলেন, "প্রথমবারের মতো আমরা দেখছি, বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন ঠেকাতে হস্তক্ষেপ করছে। অথচ স্বাভাবিকভাবে টাকা শক্তিশালী হলে দেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ে।"
তিনি দুর্বল ব্যাংকগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, "যেসব ব্যাংক ব্যর্থ, তাদেরকে টাকা ছাপিয়ে সহায়তা করা হচ্ছে—এটা কতোটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলা উচিত।"
সংস্কার প্রসঙ্গে তিনি জানান, "আমরা গত দুই বছর ধরে অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করছি। এটি কোনো এককালীন বিষয় নয়, বরং একটি চলমান প্রক্রিয়া।"
সেমিনারে পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদী সাত্তার সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ ও পিআরআইয়ের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমানসহ অন্যান্য বিশিষ্টজনেরা।