মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “জাতির ইতিহাসে যারা নেতিবাচক ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে এনসিপির কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে না।”
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিল এবং সংবিধান সংস্কার সংক্রান্ত ঐকমত্য কমিশনের প্রস্তাবসমূহ অন্তর্ভুক্ত করা হলে এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে।
সংবিধান সংস্কারের প্রশ্নে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে বা কমিশন যেগুলো লিপিবদ্ধ করেছে, সেগুলো গণভোটে তোলা হবে। জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, “নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতে আমাদের শাপলা প্রতীক দেয়া হচ্ছে না, যা কমিশনের স্পষ্ট স্বেচ্ছাচারিতা। প্রয়োজনে রাজনৈতিকভাবে, রাজপথে নেমেই আমরা আমাদের অধিকার আদায় করব।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, “আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে বিচার কার্যক্রম সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। জনগণ জানতে চায়—দায়বদ্ধতার কাঠামো কীভাবে কার্যকর হবে।”