গ্রেপ্তার দুজন হলেন এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)। সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। পালানোর চেষ্টা করার সময় তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্য অনুযায়ী একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা জানিয়েছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিতভাবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন।