বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য একটি পরাজিত শক্তি সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে তারা গণতন্ত্রের পথচলা বাধাগ্রস্ত করতে চায় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ গুরুতর আহত হন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলো আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে না। তাঁর দাবি, নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দলই দায়িত্বশীল অবস্থানে রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে কারও আপত্তি থাকলে নির্বাচন কমিশনের কাছেই তা উত্থাপন করা উচিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর নিয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সাম্প্রতিক অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সময় দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, বড় দলের বাস্তবতায় সব যোগ্য নেতাকর্মীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।