তিনি বলেন, সংসদে বিএনপি যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে, সেগুলো বাস্তবায়নের সঙ্গে যুক্তদের সঙ্গে সরকারের আলোচনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা এখন দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের সামনে অর্থনৈতিক সংকটের আশঙ্কা রয়েছে, কিন্তু বিএনপি তা গুরুত্ব দিচ্ছে না। তার মতে, সরকার যদি জনগণের পক্ষে অবস্থান না নেয়, তাহলে টিকে থাকা কঠিন হবে। তিনি জানান, ৫ আগস্টের পর থেকেই বর্তমান পরিস্থিতির সূচনা হয়েছে এবং এটি তার কাছে অপ্রত্যাশিত নয়।
সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তারা সংস্কারের পক্ষে থাকলেও বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি জনমতের তোয়াক্কা করছে না বলেও অভিযোগ করেন তিনি। গণভোট যথাযথ প্রক্রিয়ায় হয়নি উল্লেখ করে তিনি গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার ও সচিবালয় সংক্রান্ত কয়েকটি অধ্যাদেশ বাতিলের সমালোচনা করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপির অনেক নেতাই অতীতে গুমের শিকার হয়েছেন, অথচ এখন তারাই সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করতে চাইছেন। এতে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দীর্ঘদিন জনগণ বিএনপির ওপর আস্থা না রাখলেও এখন ক্ষমতায় এসে দলটির বাস্তব চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে।