রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। তাই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাক্স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।
সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশোধনী নিয়ে জনপরামর্শ শুরু হয়েছে। গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে।
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। সরকারি দলের কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে বিচারব্যবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন বিচার বিভাগ মেরামতের কাজ করছে। এ কাজে সময় লাগবে এবং সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে সকালে সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি।