মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শায়লা হাফিজ মিলনায়তন-এ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট বিএনপি।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কাজ শুরু করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল শুরু থেকেই সরকারকে ব্যর্থ প্রমাণে তৎপর। দেশের উন্নয়নে সব দলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, জনগণের আন্দোলনের দাবির অংশ হিসেবে অল্প সময়েই সরকার প্রায় ৩৬ হাজার সুবিধা চালু করেছে এবং ধাপে ধাপে আরও উদ্যোগ নেওয়া হবে।
মির্জা আব্বাস বলেন, সরকার একেবারেই নতুন হলেও সমালোচনার ভাষা এমন, যেন বহু বছরের পুরোনো সরকার কোনো কাজই করেনি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু সংকট স্বাভাবিক। এসব ইস্যু কাজে লাগিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা ঠিক নয়। এভাবে ক্ষমতায় এলে ভবিষ্যতে একই পরিস্থিতির মুখে পড়তে হবে, যা দেশের জন্য মঙ্গলজনক নয়।
উন্নয়নের সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়—মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। চিকিৎসা খাতের উন্নয়নকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।