বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, গ্যাস সরবরাহে তৈরি হওয়া সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। এ কারণে সাধারণ মানুষকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের আবহাওয়া খারাপ থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অপর একটি টার্মিনাল দুর্ঘটনার কারণে বর্তমানে পুরো সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না।
তিনি জানান, ওই টার্মিনালকে পূর্ণ সক্ষমতায় চালু করতে হলে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রেখে প্রয়োজনীয় কাজ করতে হবে। তবে কখন সেটি বন্ধ করলে মানুষের ওপর চাপ কম পড়বে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
এ বিষয়ে এক্সিলারেট এনার্জির কর্মকর্তাদের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আজ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের মতামতও নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ও গ্যাসের সংকটে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ক্ষেত্রে সরকারের করণীয় সীমিত হয়ে যায়। আবহাওয়া স্বাভাবিক হলে এলএনজি খালাসের কাজ শুরু করা সম্ভব হবে এবং গ্যাস সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হবে।
বর্তমান সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আগের সরকারগুলোর নীতিগত কিছু সিদ্ধান্তের প্রভাবও বর্তমান পরিস্থিতিতে পড়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে গতকাল সন্ধ্যা থেকেই নতুন কৌশলে কাজ করা হচ্ছে। এর ফলে আজ সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।