শুক্রবার (২২ মে) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শিশু ও নারী সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ গ্রহণ, শিশুবান্ধব আইনশৃঙ্খলা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও মানসিক সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ইউনিসেফ।
এ ছাড়া সমাজের নীরবতা সহিংসতা বাড়িয়ে তোলে উল্লেখ করে নির্যাতনের ঘটনা গোপন না রেখে সংশ্লিষ্ট সেবা নম্বরে জানানোর আহ্বান জানানো হয়। শিশু সহায়তা সেবা ১০৯৮ নম্বরেও যোগাযোগ করার কথা বলা হয়েছে।
ইউনিসেফ আরও বলেছে, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও কিংবা পরিচয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া তাদের প্রতি আরেক ধরনের মানসিক নির্যাতন। তাই এসব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বাড়ি, বিদ্যালয়, সমাজ ও জনপরিসর—সব জায়গাতেই প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।