ইসরায়েলি বাহিনীর হাতে আটক প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শহিদুল আলম কেবল একজন আলোকচিত্রী নন, তিনি বাংলাদেশের মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। তার নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”
এর আগে, আজ সকালে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী ‘কনশেনস’ জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আটকের আগ মুহূর্তে শহিদুল আলম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”
ভিডিওতে তিনি আরও বলেন, “আমি জানি না এরপর কী ঘটবে, তবে আমি সবাইকে অনুরোধ করছি— ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”
এর আগে, মঙ্গলবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানিয়েছিলেন যে, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মির্জা ফখরুল বলেন, “শহিদুল আলমের এই অবস্থায় সরকারের নীরব থাকা দুঃখজনক। এখনই কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া জরুরি, কারণ এটি কেবল একজন নাগরিক নয়, জাতীয় মর্যাদার প্রশ্ন।”