শনিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা লেডিস ক্লাব-এ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মাননা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দিয়ে তিনি বলেন, সত্যকে স্পষ্টভাবে তুলে ধরাই উন্নত রাষ্ট্র গঠনের মূল শর্ত। তার অভিযোগ, দমনমূলক শাসনামলে গণমাধ্যমের কণ্ঠরোধের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার প্রভাব এখনো কাটেনি। আংশিক নয়, পূর্ণ মুক্তির প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে আপসহীন ভূমিকার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠরক্ষায় দল পাশে থাকবে, তবে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। জাতীয় স্বার্থে আপস না করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সরকার সঠিক পথে থাকলে সহযোগিতা, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়া হবে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কুরআনের নীতিতে পরিচালিত রাষ্ট্রই মানবিক কল্যাণ নিশ্চিত করতে পারে। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলায় সাংবাদিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও স্থিতিশীলতার স্বার্থে ফল মেনে নেওয়া হয়েছে। তিনি চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।